রাজশাহীতে জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ-সমাবেশ
দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে গতকাল শনিবার রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। পৃথক এসব কর্মসূচি থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলের অঙ্গীকার নিয়ে গতকাল শনিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী নগরের বোয়ালিয়া থানা (পূর্ব ও পশ্চিম) আওয়ামী লীগ। নগরের সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ ছাড়া বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার, নগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রমুখ।
এদিকে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নগরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর শাখা। বিকেল সাড়ে পাঁচটায় নগরের গণকপাড়া মোড় থেকে মিছিলটি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক ঘুরে গণকপাড়া মোড়ে এসে শেষ হয়।