রাজশাহীতে জলবায়ু পরিবর্তনবিষয়ক কর্মশালা
রাজশাহীতে গতকাল সোমবার দুর্যোগঝুঁকি কমানো ও জলবায়ুর পরিবর্তন মোকাবিলাবিষয়ক এক কর্মশালা হয়েছে। কমিউনিটি ম্যানেজ ডিজেস্টার রিস্ক রিডিউশনের (সিএমডিআরআর) রাজশাহী বিভাগীয় শাখা ও বেসরকারি সংস্থা তৃণমূল এ কর্মশালার আয়োজন করে। রাজশাহী শিল্প ও বণিক সমিতি ভবনে এই কর্মশলায় সভাপতিত্ব করেন সিএমডিআরআরের বিভাগীয় সমন্বয়কারী ও তৃণমূল সংস্থার পরিচালক জালাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান মিল্লাত ও কনসার্ন ইউনির্ভাসাল বাংলাদেশের শিক্ষা ও উন্নয়নবিষয়ক প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনসার্ন ইউনির্ভাসাল বাংলাদেশের সহযোগী প্রকল্প ব্যবস্থাপক মাসুদ রানা। প্রবন্ধের শুরুতে তিনি একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন, যাতে জলবায়ু পরিবর্তন কীভাবে বাংলাদেশের ওপর প্রভাব ফেলেছে, তা দেখানো হয়। আর রাজশাহী বিভাগের খরা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যার শিক্ষক চৌধুরী সারোয়ার জাহান।