রাজশাহীতে জলবায়ু পরিবর্তনে অভিযোজন-বিষয়ক সম্মেলন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গতকাল বুধবার ‘জলবায়ু পরিবর্তনে অভিযোজন অর্থাৎ কমিউনিটি বেইজড অ্যাডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে বক্তারা বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশের প্রভাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটি ইতিমধ্যে পরিবেশগত ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এসব কারণে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। আমাদের অর্থনীতিতেও তা দীর্ঘ মেয়াদে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে। এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য গবেষণা ও উপায় উদ্ভাবনের কোনো বিকল্প নেই।’বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আইআরসিএস প্রকল্প, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্। সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন অ্যাকশন এইড বাংলাদেশের কর্মকর্তা সাজিদ রায়হান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন চার্চ অব বাংলাদেশের উপদেষ্টা জেমস স্পেন্ডার। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মুহম্মদ মিজানউদ্দিন ও এআরসিএবির প্রকল্প পরিচালক ইকবাল আলীর সভাপতিত্বে সম্মেলনের দুটি অধিবেশনে মোট ১৬টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।