রাজশাহীতে জলাধার ভরাট বন্ধের নির্দেশ হাইকোর্টের
রাজশাহী মহানগর ও আশপাশের পুকুর, খাল, জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি ছয় মাসের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে বলা হয়েছে। গত সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে নদী, খাল, পুকুর ও জলাধার রক্ষা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গৃহায়ণ ও গণপূর্তসচিব, ভূমিসচিব, পরিবেশ ও বনসচিব, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘রাজশাহী নগরে চার হাজার পুকুর ভরাট’ শিরোনামে প্রথম আলোতে গত ৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে মহানগর ও আশপাশের এলাকার পুকুর, খাল, জলাধার সংরক্ষণের নির্দেশনা চেয়ে বেসরকারি সংস্থা ‘হেরিটেজ রাজশাহী’-এর পক্ষে মাহবুব সিদ্দিকী সোমবার রিট আবেদনটি করেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী দেওয়ান এম এ ওবায়েদ হোসেন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন শুনানি করেন। শুনানিতে এম এ ওবায়েদ হোসেন বলেন, রাজশাহী মহানগর ও আশপাশের পুকুর, খাল, জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে ওখানকার পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। প্রথম আলোতে ২৯ নভেম্বর প্রকাশিত ‘পাহাড় কাটা ও পুকুর ভরাট বন্ধ করতে হবে’ উপসম্পাদকীয় তুলে ধরে তিনি বলেন, অবৈধ দখল ও পরিবেশ বিপর্যয় হাত ধারাধরি করে চলে। এটা জাতীয় ইস্যু। এ ব্যাপারে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা প্রয়োজন।