রাজশাহীতে জাগরণের গানে সুন্দর আগামীর অঙ্গীকার
জাগরণের গানের সঙ্গে একাত্তরের মতো আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে রাজশাহীতে শিল্পীদের কণ্ঠে ধ্বনিত হলো সুন্দর আগামীর অঙ্গীকার। গান ও নৃত্যের এই প্রাণবন্ত আয়োজনে উদ্বুদ্ধ রাজশাহীর দর্শক-শ্রোতারা মুহুর্মুহু করতালি দিয়ে অভিনন্দন জানান শিল্পীদের।রাজশাহীতে কাইছার রহমান চৌধুরী মেমোরিয়াল মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এবং বাংলালিংকের সহযোগিতায় জাগো বাঙালি জাগরণের গান নামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা থেকে আসা জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের শিল্পীরাসহ স্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন।‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’—এই গান গেয়ে রাজশাহীর বন্ধুসভার বন্ধু রওনক জাগরণের গানের উদ্বোধন করেন। এরপর ‘বাংলার মাটি বাংলার জল’, ‘একবার যেতে দে না আমার’, ‘ও আমার বাংলা মা গো’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘মা গো ভাবনা কেন’, ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘সোনা সোনা সোনা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘ভয় কি মরণে’, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’ গানগুলো পর্যায়ক্রমে পরিবেশন করেন প্রীতম, সুমি, দৃষ্টি, লিটন ও তাঁর দল, সবুজ, জাকির হোসেন এবং প্রথম আলো বন্ধুসভা ও চ্যানেল আই সেরা কণ্ঠের তারকা নদী।অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন স্পন্দন নৃত্যালয়ের শিল্পীরা। অনুষ্ঠানের মাঝে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের পরিচালনায় জাগরণের গানের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত এ পর্বটি দর্শকেরা উপভোগ করেন।অনুষ্ঠানে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের পক্ষ থেকে বক্তব্য দেন মাহমুদুল হাসান। ‘হেই সামালো’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন বাবু, তোফায়েল, সিম্বা, রিমু, রুম্পা ও মুন্নী।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক সুভাশীষ শুভ, রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। উপস্থাপনা করেন রাজশাহী বন্ধুসভার সভাপতি মনিরা রহমান।