রাজশাহীতে জাতীয় পত্রিকা না আনার ঘোষণা এজেন্টদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার থেকে ঢাকার কোনো জাতীয় পত্রিকা না আনার ঘোষণা দিয়েছেন রাজশাহীর সংবাদপত্র এজেন্টরা। রাজশাহীতে এজেন্টের কর্মচারীর ওপর হকার্স-শ্রমিকদের হামলা এবং বারবার কমিশন ও সৌজন্য কপি দাবির প্রতিবাদে গতকাল বুধবার রাজশাহীর চারজন এজেন্টই এ সিদ্ধান্তের কথা জানান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হকার্স শ্রমিক ইউনিয়নের আবদুল আলিমের নেতৃত্বে ১০ থেকে ১২ জন হকার নগরের রেলওয়ে মার্কেটের পত্রিকা এজেন্ট সঞ্চিতার কর্মচারী মিনহাজ উদ্দিনের ওপর হামলা চালান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এজেন্টদের অভিযোগ, হকাররা বিভিন্ন দাবি তুলে মাঝেমধ্যেই তিন ঘণ্টা করে পত্রিকা বিতরণ বন্ধ রাখেন। কোনো নিয়মনীতি না মেনে তাঁরা দৈনিক পত্রিকাগুলোর ৫০ থেকে ১০০ কপি সৌজন্য দাবি করে আসছেন। তাঁরা সকাল ছয়টার মধ্যে ঢাকার জাতীয় দৈনিকগুলো রাজশাহীতে পৌঁছানোর দাবিতে গত ১২ মার্চ রাজশাহীতে আসা দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সব কপি পুড়িয়ে দেন ও দৈনিক ইত্তেফাক লুট করেন। এ সময় তাঁরা সংবাদপত্র বহনকারী গাড়িও ভাঙচুর করেন। উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে সমঝোতা কমিটি গঠন করা হয়। ওই কমিটির নীতিমালা প্রত্যাখ্যান করে হকার্স ও শ্রমিকেরা ফের কমিশন বাড়ানো ও সৌজন্য কপির দাবি তোলেন। তাঁদের এই দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে সংবাদপত্র এজেন্ট নজরুল ইসলাম, যুগলী কিশোর, নূরুল ইসলাম ও হেকমত উল্লাহ জানান, তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি হাজার হাজার পাঠকও হকারদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তাঁরা রাজশাহীতে পত্রিকা আনা বন্ধ রাখবেন। একই সঙ্গে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন। রাজশাহী শহর সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন বলেন, হামলার বিষয়টি অতি তুচ্ছ। এজেন্টরা ষড়যন্ত্র করে পত্রিকা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন।