রাজশাহীতে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রোগ্রামিং কনটেস্ট, কুইজ প্রতিযোগিতা, প্রোগ্রামিং বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৬।
‘জানুক সবাই দেখাও তুমি’—এ স্লোগান সামনে রেখে গতকাল শনিবার দিনব্যাপী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাজশাহী অঞ্চলের হাইস্কুলের শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় চারটি জেলার প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় তিনটি ভাগে ৬০ জন এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় দুটি ভাগে ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সময় তিনি বলেন, পুরো দেশ আজ ডিজিটালাইজ হওয়ার পথে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক এন এইচ কামরুজ্জামান সরকার ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহসভাপতি লাফিজা জামান।