রাজশাহীতে জাপার বিভাগীয় তৃণমূল কর্মীসম্মেলন পণ্ড
রাজশাহীতে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে দলটির বিভাগীয় তৃণমূল কর্মীসম্মেলন পণ্ড হয়ে গেছে। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে শুভেচ্ছা জানানো নিয়ে গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। এ সময় দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা জাতীয় পার্টির আয়োজনে গতকাল বিকেলে রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় দলটির বিভাগীয় কর্মীসম্মেলন চলছিল। সম্মেলনে যোগ দিতে প্রধান অতিথি এবিএম রুহুল আমিন হাওলাদার বিকেল পাঁচটার দিকে সম্মেলনস্থলে আসেন। এ সময় জেলা জাতীয় পার্টির নেতা-কর্মী ও মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাঁকে একসঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর চেষ্টা করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মহানগর শাখার কয়েকজন কর্মী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনকে ধাক্কা দিলে দুই পক্ষের নেতা-কর্মীরা একে অপরের ওপর চড়াও হন। শুরু হয় হাতাহাতি। এ সময় মুন্না নামের মহানগর শাখার এক কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে মহাসচিবের সঙ্গে মহানগর শাখার আহ্বায়ক আবদুল মতিন খান, সদস্য সচিব এসএম জোহা সরকার ও সালাউদ্দিনসহ বেশ কয়েকজন মঞ্চে জায়গা নেন। কিন্তু সম্মেলনের কার্যক্রম শুরুর আগেই জেলা শাখার নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে মহানগর নেতা-কর্মীদের ওপর চড়াও হয়ে তাঁদের মঞ্চ থেকে নামিয়ে দেন। মঞ্চে মহাসচিবের সামনেই উভয় পক্ষের হাতাহাতি চলে। মঞ্চ থেকে বিতাড়িত হয়ে মহানগর নেতা-কর্মীরা সম্মেলনস্থলের একপাশে অবস্থান নেন ও সম্মেলন স্থগিত করার দাবি জানাতে থাকেন। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সম্মেলন স্থগিত করতে বলেন।