রাজশাহীতে জামায়াতের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের মামলায় জামায়াত ও শিবিরের আটক ছয় নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমাউল হক গত ১১ জুলাই রাজশাহী মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, গত ৩০ জুন সন্ধ্যায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মুক্তির দাবি করে ১৫-২০ জন স্থানীয় নেতা-কর্মী মনিচত্বর এলাকায় লোহার রড, হাঁসুয়া ও দেশীয় অস্ত্র নিয়ে জঙ্গি মিছিল বের করেন। পুলিশ সেখানে উপস্থিত হলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়।অভিযোগপত্রে উল্লিখিত আসামিরা হচ্ছেন রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি আবুবকর সিদ্দিক, রাজপাড়া থানার আমির আবদুল মালেক ও সেক্রেটারি মাহাবুবুল আহসান, ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোখলেছুর রহমান, রাজপাড়া থানা ছাত্রশিবিরের সেক্রেটারি ও জামায়াত সমর্থক নাইমুল ইসলাম। ইমাউল হক বলেছেন, তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে অভিযোগপত্র দেওয়া হয়েছে।