রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ, গুলি, ভাঙচুর-আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতের পৃথক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচির সময় গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জেলায় পুলিশসহ অন্তত ৩১ জন আহত হন। আটক করা হয়েছে অন্তত নয়জনকে।ঢাকার বাইরে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: রাজশাহী: নগরে গতকাল বিকেলে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ব্যাপক সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভাঙচুর করে আগুন দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরের হেতেম খাঁ, হোসেনীগঞ্জ ও বরেন্দ্র জাদুঘরের সামনে দিয়ে এসে হেতেম খাঁ মোড়ে মিলিত হন। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন পুলিশ সদস্যকে ধাওয়া করেন তাঁরা। পুলিশ সদস্যরা দৌড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভবনের দিকে আসেন। পরে অতিরিক্ত পুলিশ তাঁদের সঙ্গে যোগ দিলে পুলিশ জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া করে। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার মো. রোকনুজ্জামান অভিযোগ করেন, সংঘর্ষের সময় জামায়াত-শিবির পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সহকারী কমিশনার সোহেল মাহমুদ পায়ে গুলিবিদ্ধ হন। সংঘর্ষের খবর পেয়ে আওয়ামী লীগের কর্মীরা হোসেনীগঞ্জ এলাকায় শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারে ভাঙচুর করে আগুন দেন। এদিকে রাত সাড়ে আটটার পর থেকে নগরের বিভিন্ন এলাকার গুলি ও ককটেলের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে ছাত্রদলের কর্মীরা নগরের রাজারহাতা এলাকায় ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে আগুন দেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার সময় পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, তাঁর বাসায় বোমা ছুড়ে মারা হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। চট্টগ্রাম: নগরের সিরাজউদ্দৌলা সড়কে বিক্ষোভ সমাবেশ শেষে চকবাজারে একটি মোটরসাইকেলে আগুন দেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ সূত্র জানায়, সমাবেশের শেষ দিকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। চক সুপার মার্কেটের দিকে যাওয়া জামায়াতের মিছিল থেকে একটি মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ করা হয়। এতে একজন আহত হন।বগুড়া: জেলা বিএনপি শহরের সাতমাথায় বিক্ষোভ মিছিল বের করলে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মিছিল ভণ্ডুল হয়ে যায়। মিছিলকারীরা এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে। একপর্যায়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে ছাত্রলীগের কর্মীরা মিছিলকারী বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা শহরে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। বিএনপির দাবি, এ সময় তাদের ১০ জন কর্মী আহত হন। ফেনী: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে জেলা বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি ফেনী প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ক্ষুব্ধ বিএনপির কর্মীরা পাশের সড়কের অটোরিকশা, পিকআপ ভ্যানসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বিএনপির কর্মীরা পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল বাস টার্মিনালে গিয়ে বেশ কটি ককটেল বিস্ফোরণ ঘটান। সন্ধ্যার দিকে শহরের মিজান সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ জানায়, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। টঙ্গী (গাজীপুর): গাজীপুর জেলা বিএনপির নেতা-কর্মীরা গতকাল মিছিল বের করলে কালিয়াকৈরের সফিপুরে মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় মিছিল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পুলিশ বিএনপির পাঁচ কর্মীকে আটক করে।