রাজশাহীতে জামায়াতের ঝটিকা মিছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ৫
রাজশাহী নগরের রাজাহাতা ও হেতেমখাঁ এলাকায় গতকাল সোমবার জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা নয়টার দিকে সোনাদীঘি মনিচত্বর থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি রাজাহাতা এলাকা দিয়ে হেতেমখাঁ এলাকার দিকে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে পর পর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় মিছিলের পেছন থেকে জামায়াত-শিবিরের কর্মীদের ধাওয়া করে পুলিশ। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার গুলি ছুড়ে তাঁদের ছাত্রভঙ্গ করে দেয়।জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেছেন, সংঘর্ষের সময় তাঁদের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।