রাজশাহীতে জামায়াতের নেতাসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর এবং ইসলামী ছাত্রশিবিরের কর্মী মামুনকে গতকাল শুক্রবার আটক করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা ও আড়াইহাজার থেকে ছয়টি ককটেল, কয়েকটি ধারালো অস্ত্র, শতাধিক জিহাদি বইসহ জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ যৌথভাবে গতকাল দুপুরে রাজশাহী নগরের নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায়। এ সময় হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর সিঁড়ির নিচে লুকিয়েছিলেন। সেখান থেকে তাঁকে আটক করা হয়। হাসপাতালের একটি কক্ষের তালা ভেঙে আটক করা হয় শিবিরের কর্মী মামুনকে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত মামুন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এস এম মনির উজ জামান জানান, পুলিশের ওপর হামলাসহ নাশকতার অভিযোগে ওই দুজনকে আটক করা হয়েছে। বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান সন্ধ্যায় বলেন, ‘ওই দুই নেতা-কর্মী র‌্যাবের হেফাজতে রয়েছেন। তাঁদের এখনো থানায় সোপর্দ করা হয়নি।’এদিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান জানান, ভোরে ফতুল্লা ও আড়াইহাজারে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের যে চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা হলেন আল নাহিয়ান, আল ইখুওয়ান, শাহাদাৎ হোসেন ও আবদুল হান্নান। তাঁরা হেফাজতে ইসলামের ডাকা আজ শনিবারের লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে ককটেল ও ধারালো অস্ত্র সংগ্রহ করেছিলেন।