রাজশাহী নগরে গত সোমবার সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা, বিস্ফোরকদ্রব্য মজুদ এবং তা নিক্ষেপের অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।এদিকে গ্রেপ্তার হওয়া শিবিরের সাত কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার দুই দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে জামায়াতের কর্মী শফিকুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে চারদলীয় জোটের ডাকা আধাবেলার হরতাল গতকাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।নগরের বোয়ালিয়া মডেল থানায় করা প্রথম মামলায় ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি আবদুল বাতেন, সেক্রেটারি আশরাফুল, রাজশাহী কলেজ শাখার সভাপতি শাহ আলম ও জামায়াতের কর্মী নবীকুলসহ ২৩ জনের নাম উল্লেখ করে ৯০০ জনকে আসামি করা হয়েছে। বিস্ফোরকদ্রব্য আইনে করা অপর মামলায় ওই ২৩ জনসহ ৮০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার দিবাগত রাতে দুটি মামলাই করেছেন থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।মামলা দুটির তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই ইমাউল হক বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে সাতজনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।গত সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় জামায়াতের কর্মী শফিকুল ইসলাম নিহত হন। জামায়াত-শিবিরের হামলায় আহত হন রাজশাহী মহানগর পুলিশের দুজন পরিদর্শকসহ ১৯ সদস্য।ঢিলেঢালা হরতাল: সরেজমিন দেখা গেছে, সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালে রাজশাহী নগরে প্রধান প্রধান এলাকায় হরতালের সমর্থকেরা কোনো মিছিল বের করেননি। তবে নগরের ভদ্রা এলাকায় একটি খণ্ড মিছিল করেন তাঁরা। নগরে রিকশা ও অটোরিকশার চলাচল প্রায় স্বাভাবিক ছিল। দোকানপাট ছিল বন্ধ। দুপুর ১২টা পর্যন্ত অফিস-আদালতে কাজ হয়নি। নগরের শিরোইল বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে নওদাপাড়া বাসস্ট্যান্ড থেকে কিছু দূরপাল্লার বাস ছেড়ে গেছে। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমানের দাবি, রাজশাহীর মানুষ সর্বাত্মক হরতাল পালন করেছে। তিনি বলেন, পুলিশ বাধা দেবে জেনে তাঁরা শহরের সাহেববাজার এলাকায় মিছিল করেননি। তবে নগরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল করেছেন।