রাজশাহীতে জাল দলিল তৈরি চক্রের সদস্য গ্রেপ্তার
রাজশাহী নগরের পূর্ব মোল্লাপাড়া মহল্লার একটি বাড়ি থেকে জাল দলিল তৈরি চক্রের সদস্য আনিসুর রহমান ওরফে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় ওই বাড়ি থেকে ৮০টি জাল দলিল, তিন হাজার স্ট্যাম্প, দলিল তৈরির সরঞ্জাম ও বিভিন্ন আদালতের আড়াই হাজার সিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, রেজাউল করিমের (৪০) বাবার বাড়ি নওগাঁর পত্নীতলায়। একসময় তিনি দলিল লেখকের কাজ করতেন। ১৯৯৫ সাল থেকে দলিল লেখা বাদ দিয়ে তিনি জাল দলিল তৈরি এবং রাজশাহী নগরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। নওগাঁ সদর, আত্রাই ও রানীনগর উপজেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যেসব দলিল করা হয়েছিল সেগুলো স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা পুড়িয়ে নষ্ট করে। ওই সব এলাকার লোকজনই মূলত তাঁর কাছে জাল দলিল তৈরি করার জন্য আসতেন।
মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান জানান, রেজাউলের তৈরি করা জাল দলিলগুলো দেখে মনে হবে আসল দলিল। প্রকৃতপক্ষে তিনি একজন প্রতারক। তাঁর বাসা থেকে জাল দলিল তৈরির কালি, কলম ও জাল দলিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর বাসা থেকে ব্রিটিশ, পাকিস্তান আমল ও বর্তমান সময়ের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
রেজাউল করিম জানান, মানুষের চাহিদা অনুযায়ী তিনি যেকোনো ধরনের দলিল তৈরি করে দিতে পারেন।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন জানান, মঙ্গলবার রাতেই নগরের রাজপাড়া থানায় হস্তান্তরের পর রেজাউলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।