রাজশাহীতে জাসদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কর্মীদের বিশৃঙ্খলার মধ্য দিযে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা গতকাল শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের কাউছার রহমান মিলনায়তনে হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে সভা শুরু হয়। দুপুর ১২টার দিকে জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে নানা অভিযোগ তুলে দলীয় নেতা-কর্মীরা হইচই শুরু করেন। একপর্যায়ে জেলা জাসদের সভাপতি মজিবুল হকের সমর্থকদের সঙ্গে মহানগরের সমর্থকদের ধাক্কাধাকি শুরু হয়। দলীয় সূত্রে জানা গেছে, জেলা সভাপতিকে অনুষ্ঠানের সভাপতি না করার জেরে তাঁর সমর্থকেরা এই বিশৃঙ্খলার সৃষ্টি করেন। পরে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জেলা ও মহানগরের সভাপতিকে বাদ দিয়ে সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তালুকদারের সভাপতিত্বে আবার সভা শুরু হয়। সভায় হাসানুল হক ইনু বলেন, গোটা দেশবাসী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও খালেদা জিয়া প্রকাশ্যে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। এতে শুধু দেশ নয়, গণতন্ত্রকেও বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের সহসভাপতি মীর হোসেন আখতার ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও সাংগঠনিক সম্পাদক করিম শিকদার প্রমুখ। সভায় রাজশাহী বিভাগের আট জেলার নেতা-কর্মীরা অংশ নেন।