রাজশাহীতে জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে

এইচএসসি পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে ছেলেরা। আর পাসের হারে এগিয়ে আছে মেয়েরা।
রাজশাহী শিক্ষাবোর্ডে ছেলেদের পাসের হার ৬৭ দশমিক ৪৬ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ০১ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ২ হাজার ৯৩৯ জন ও ছাত্রীর সংখ্যা ২ হাজার ৩৫৫ জন।
এইচএসসি পরীক্ষায় গত ছয় বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৭১ শতাংশ। ২০১১ সাল থেকে পাসের হার কমছে রাজশাহীতে। ওই বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ০১ শতাংশ। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডের ৭১ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
গত বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ। এবার সেই হার কমেছে ৪ দশমিক ১০ শতাংশ। এ বছর রাজশাহীতে পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ।
আজ রোববার দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফল তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।
তরুণ কুমার সরকার জানান, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন শিক্ষার্থী। এটি গত বছরের চেয়ে ৭৭৯ জন কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৭৩ জন শিক্ষার্থী। এ বছর মোট এক লাখ ২১ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে ছাত্র সংখ্যা ৬৭ হাজার ৬২ জন এবং ছাত্রী সংখ্যা ৫৪ হাজার ৭৭৪ জন। গত বছর এই শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এক লাখ ১৫ হাজার ৭৮০ জন শিক্ষার্থী।