রাজশাহীতে জীবনানন্দ কবিতা মেলার উদ্বোধন
‘এসো অফুরন্ত সূর্য আলোর ঈগল’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার থেকে রাজশাহীতে শুরু হয়েছে জীবনানন্দ কবিতা মেলা। সকাল ১০টায় নগরের শাহ মখদুম কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জ আয়োজিত দুই দিনব্যাপী এই মেলায় দুই বাংলার শতাধিক কবি, সাহিত্যিক ও আবৃত্তিশিল্পী উপস্থিত হয়েছেন।
মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ও অর্থনীতিবিদ সনৎকুমার সাহা। এ ছাড়া ছিলেন ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, পশ্চিম বাংলার কবি মৃণাল বসু চৌধুরী ও কবি বজলুল করিম বাহার। কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক করেন সভাপতিত্ব।
শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণার সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন কবি রুহুল আমিন প্রামাণিক ও জাতীয় পতাকা উত্তোলন করেন সনৎকুমার সাহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান আজিজুল হক বলেন, ‘আমরা মুক্তি চাইছি, বিশিষ্টতা চাই না। কামনা করছি, সব রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি। আমি মনে করি, শুভবুদ্ধি সমাজের বড় একটা অংশ। আর কূটবুদ্ধি ক্ষুদ্র একটা অংশ। আমরা কূটবুদ্ধিকে ধ্বংস করতে পারব। এটিই আজকের প্রত্যাশা।’
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি জুলফিকার মতিন, গোলাম কিবরিয়া, মাহমুদ কামাল, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি তাজুল ইসলাম ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান।
আয়োজকেরা বলেন, দুই দিনব্যাপী কবিতা মেলায় দুই বাংলার কবি ও আবৃত্তিশিল্পীরা কবিতা পাঠ করবেন। এবার কবি কুঞ্জপদ পেয়েছেন কবিতায় আতাউল হক সিদ্দিকী ও গবেষণায় অনীক মাহমুদ।
গতকাল আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সমন্বয় পরিষদ ও গণসংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসংগীত পরিষদ।