রাজশাহীতে জুট মিলে আগুন, শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ বৃহস্পতিবার বিকেলে বেসরকারি মালিকানাধীন যমুনা জুটমিলে আগুন লেগে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মইফুল বেগম (৬০)। স্বামীর নাম ইয়াসিন আলী। বাড়ি রাজশাহী নগরের মতিহার থানার কাপাসিয়া এলাকায়। মইফুল মোহনপুরের ত্রিমোহিনী এলাকায় ভাড়া বাসায় থেকে মিলে কাজ করতেন।
মিলটি রাজশাহী শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জেলার মোহনপুর উপজেলার খারইল এলাকায় অবস্থিত।
মইফুলের সঙ্গে সুতার মেশিনে কাজ করছিলেন রেখা বেগম (৩৫)। তিনি প্রথম আলোকে বলেন, পার্শ্বে আগুন দেখেই তিনি আরেকজন শ্রমিকের হাত ধরে বাইরে চলে আসেন। তিনি বের হয়ে আসার সময় মইফুলকে ডাক দিয়েছিলেন কিন্তু তখন মইফুল মেশিন থেকে উঠে মাল আনতে গিয়েছিলেন। ধোঁয়ায় আটকা পড়ে আর বের হতে পারেননি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পরে জানালা ভেঙে তাঁকে মৃত অবস্থায় বের করা হয়। রেখা জানান, মইফুলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, বেলা তিনটা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁর ধারণা, মিলের তাঁতের স্পার্কিং থেকে পাটের আঁঁশে আগুন লাগে। পরে তা ভেতরে ছড়িয়ে পড়ে। পরে তদন্ত করলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যেতে পারে। তিনি বলেন, আগুনে পাট ও যন্ত্রপাতিসহ আনুমানিক এক কোটি টাকার মতো ক্ষতি হতে পারে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এই প্রতিবেদন পাঠানোর সময় মইফুলের লাশ মিলের গেটে পড়েছিল।