রাজশাহীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনিরকে গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক করে বোয়ালিয়া থানায় নেওয়া হয়।  ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনিরকে গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক করে বোয়ালিয়া থানায় নেওয়া হয়। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনিরসহ ১৮ দলের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাজশাহীতে ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের শুরুতেই গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ছয়টার দিকে হরতালের সমর্থনে রাজশাহীর হোসেনীগঞ্জ মোড় থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী কলেজে গিয়ে পুলিশের ওপরে হামলা চালায়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশও পাল্টা রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। ওই ঘটনায় করা মামলায় কামরুল মনিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গতকাল রাত দেড়টার দিকে নগরের টিকাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে কামরুল মনিরকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী নগরের বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার ও শাহ মখদুম থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৯ জনকে আটক করা হয়। রাজশাহীতে বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।