রাজশাহীতে টানা পাঁচ দিন ধরে চলছে সহিংসতা
রাজশাহীতে টানা পাঁচ দিন ধরে বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটে চলেছে। এতে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। তবে এই উদ্বেগ নিরসনে প্রশাসনের তরফে কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
রাজশাহী সিটি করপোরেশনের নতুন মেয়রের ক্ষমতা গ্রহণের দিন থেকে চলা সহিংস ঘটনার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করে মেয়রকে দায়ী করেছেন। তবে মেয়র অভিযোগ নাকচ করে বলেছেন, রাজনৈতিকভাবে ১৪ দল দেউলিয়া হয়ে গেছে। আর এ জন্যই তারা এভাবে একের দোষ অন্যের ওপর চাপাচ্ছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজশাহীর উপদেষ্টা নূরুল আলম বলেন, ‘যাদের এতটুকু বোধশক্তি আছে, তারাই সহিংসতার ঘটনায় উদ্বেগের মধ্যে রয়েছে। নতুন মেয়র চাইলেও জামায়াত-শিবিরের আধিপত্য খর্ব করতে পারবেন না। বিএনপি ও জামায়াত ধরেই নিয়েছে নগর ভবন এখন তাদের একটা বড় প্ল্যাটফর্ম। আর সরকারি দলও সহিংসতা নিয়ন্ত্রণের চেয়ে দেশবাসীকে বেশি বোঝাতে চাইছে, ওরা কতটা সহিংস।’
সর্বশেষ নগরের গণকপাড়া এলাকায় গতকাল সোমবার ছাত্রশিবির-পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। শিবিরের কর্মীদের উপর্যুপরি ককটেলের জবাবে পুলিশ শটগানের অর্ধশতাধিক গুলি ছোড়ে। এ সময় সাধারণ মানুষ দিগিবদিক ছোটাছুটি করতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে গণকপাড়ার মোড়ে শিবিরের কর্মীরা জড়ো হয়ে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিতে গেলে পুলিশের ওপর তাঁরা ককটেল ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট ধরে সংঘর্ষে পুলিশের তিন কনস্টেবল আহত হন। তবে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, তাঁরা ছিটেফোঁটা আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই সংঘর্ষের কিছু সময় পরই শালবাগান এলাকায় রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক ক্ষুরের আঘাতে আহত হয়েছেন। আশরাফ আলী নামের ওই শিক্ষককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আশরাফ আলী বিএনপিপন্থী একজন শিক্ষককে তাঁর মোটরসাইকেলে চড়িয়ে কলেজ থেকে ফিরছিলেন। ওই শিক্ষককে মোটরসাইকেলে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের জনি নামের এক কর্মী ক্ষুর দিয়ে এ হামলা চালান।
রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ হয়। এতে এক সাধারণ ছাত্র ও শিবিরের দুই কর্মী আহত হয়েছেন। এই সংঘর্ষের পরই রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দল এক সংবাদ সম্মেলন আহ্বান করে। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এ এইচ এম খায়রুজ্জামান। সংবাদ সম্মেলনে নতুন সিটি মেয়র মোসাদ্দেক হোসেনের দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী চার দিনের সহিংসতার বর্ণনা দেওয়া হয়। এর মধ্যে ছিল পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কার্যালয়ে ছাত্রদলের হামলা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে আগুন দেওয়া, নগরের মির্জাপুরে ছাত্রলীগের কর্মীদের ওপর শিবিরের কর্মীদের হামলা, যুবলীগ নেতাকে কুপিয়ে জখম, জাতীয় পার্টির কর্মী তরিকুলের বাস ভাঙচুর, নগরের ধরমপুরে আওয়ামী লীগের কর্মী নবাবের ওপর হামলার ঘটনা। এ ছাড়া শনিবার ৩০টি ককটেল ও চার কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।
মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এ জন্যই এই সংবাদ সম্মেলন। তারা ছাত্রদলকে রাজশাহীর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছে না। অরাজনৈতিক ঘটনাকে রাজনৈতিক রং দিচ্ছে।