রাজশাহীতে টেলিভিশন সংবাদকর্মীর ওপর হামলা
হরতাল চলাকালে আজ সোমবার রাজশাহীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়ের রাজশাহীর ক্যামেরাপারসন আবদুস সালামের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বেলা দেড়টার দিকে নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় হরতালে পিকেটিং করার সময় পুলিশ কয়েকজনকে ধাওয়া করে। এ সময় পুলিশ তিন যুবককে আটক করে। এই দৃশ্য আবদুস সালাম ধারণ করছিলেন। পরে কয়েকজন যুবক তাঁকে মারধর করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আবদুস সালাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর কয়েকজন যুবক আমাকে ঘিরে ধরেন। তাঁরা বলেন, “পুলিশ যাঁদের ধরে নিয়ে গেল তাঁদের তোকে ছাড়িয়ে আনতে হবে। না হলে তোকে ছাড়ব না।” এই বলেই তাঁরা ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে আমাকে পেটাতে শুরু করেন। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করেন।’
এ ব্যাপারে আবদুস সালাম নগরের বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। পরে পুলিশ ওই এলাকা থেকে ফয়সাল ইসলাম নামের এক যুবককে আটক করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, মামলার পর একজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।