রাজশাহীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালদীঘি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। আজ বুধবার বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালকের সহকারী মিজানুর রহমান ও অটোরিকশার যাত্রী রবিউল ইসলাম। মিজানুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কলিকাদীঘি গ্রামে। রবিউল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামে।
আহত লোকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে লালদীঘি এলাকায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশা ও সোনামসজিদ থেকে ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি মহাসড়কে উল্টে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মিজানুর রহমানের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান রবিউল ইসলাম।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, মিজানুর রহমানের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।