রাজশাহীতে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১
রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় আজ বুধবার ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে আসাদুজ্জামান সবুজ নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন।
আসাদুজ্জামানের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর গ্রামে। তাঁর বাবার নাম বয়েজ উদ্দিন মণ্ডল। তিনি কাভার্ড ভ্যানের মালপত্র নিয়ে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নগরের আমচত্বর এলাকা থেকে একটি ট্রাক বালু আনার জন্য কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যাচ্ছিল। কাশিয়াডাঙ্গার দিক থেকে একটি কাভার্ড ভ্যান বাসা বদলের আসবাবপত্র নিয়ে আমচত্বরের দিকে যাছিল। সকাল নয়টার দিকে নগরের ট্রাক টার্মিনালের পাশে দুই গাড়ির সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে পড়ে যায়। এ সময় আসাদুজ্জামান কাভার্ড ভ্যানের ওপর বসেছিলেন। গাড়ি নিচে পড়ে গেলে তিনি চাপা পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
রাজশাহী ফায়ার সার্ভিসের মোবিলাইজিং কর্মকর্তা আব্দুর রহমানের ভাষ্য, এ ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তাঁরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়।
নগরের শাহমখদুম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমানের ভাষ্য, নিহত আসাদুজ্জামানের মৃতদেহ উদ্ধার করে তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের নাম জানা যায়নি।