রাজশাহীতে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশের হয়রানি ও চাঁদাবাজি চলবে না, বন্ধ করো’ স্লোগান দিয়ে ট্রাকশ্রমিকেরা গতকাল বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরের আমচত্বরে সড়ক অবরোধ করেন। ক্ষুব্ধ শ্রমিকেরা এ সময় ট্রাফিক পুলিশের এক সদস্যকে ঘেরাও করে রাখেন।
এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী-নওগাঁ সড়কে যানবাহন চলাচল করেনি। আড়াই ঘণ্টা পরে শ্রমিকনেতা ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। ট্রাকশ্রমিকেরা বলেন, গতকাল দুপুর ১২টার দিকে নগরের খড়খড়ি বাইপাস সড়কের দিক থেকে একটি ট্রাক নগরের আমচত্বর এলাকার দিকে আসছিল। মাহেন্দ্রা এলাকায় ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট ও অপর এক পুলিশ সদস্য ট্রাকটি দাঁড় করান। গাড়ির কাগজ দেখা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সার্জেন্ট ও পুলিশ কনস্টেবল ওই চালককে ট্রাক থেকে জামার কলার ধরে নিচে নামিয়ে চড়-থাপড় মারেন। পুলিশ চালকসহ ট্রাকটি নিয়ে ট্রাফিক কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে আমচত্বরে ট্রাক সমিতির কয়েকজন নেতা-কর্মী অপর এক পুলিশ সদস্যকে আটকে রাখেন।
শ্রমিকেরা রাজশাহী-নওগাঁ ও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা পুলিশের চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে সড়ক অবরোধের কারণে যাত্রীদের ব্যাপক হয়রানির মধ্যে পড়তে হয়। নওগাঁ থেকে আসা বাসযাত্রীরা পায়ে হেঁটে আমচত্বর পার হয়ে অটোরিকশায় করে শহরের দিকে আসেন।
বেলা আড়াইটার দিকে মোটরশ্রমিক ইউনিয়নের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী এবং জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালামসহ বেশ কয়েকজন শ্রমিকনেতা ঘটনাস্থলে যান। তাঁরা পুলিশ কর্মকর্তাদের নিয়ে কথা বলে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। রাজশাহী মহানগর ট্রাফিক পরিদর্শক নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজির বিষয় এখানে নেই। শ্রমিকেরা সুযোগ পেয়ে স্লোগান দিয়েছেন।