রাজশাহীতে ট্রাকের ধাক্কায় এসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর কাশিয়াডাঙা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত এসআইয়ের নাম আজাহার আলী (৫৯)। তিনি পুলিশের রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামে।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, এসআই আজাহার আলী মোটরসাইকেল নিয়ে সকালে কাশিয়াডাঙা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। তেল নিয়ে ফেরার পথে কাশিয়াডাঙা এলাকাতেই একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা আছে।

ওসি আমান উল্লাহ আরও বলেন, নগরের শাহমখদুম থানার পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।