রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

উন্নত চিকিৎসার জন্য এরশাদ আলী (৬২) ভারতে যেতে চেয়েছিলেন। ভিসার কাজে এসেছিলেন রাজশাহীতে। কিন্তু তাঁর আর ভিসা পাওয়া হলো না। চলে গেলেন পরপারে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী শহরের বর্ণালীর মোড় রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার।
নিহত এরশাদ আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ীর মাখরন্দ গ্রামে। তিনি খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরি করতেন। এরশাদ আলীর ছোট ভাই বজলুর রহমান জানান, কয়েক বছর আগে তাঁর ভাই অবসরে যান। ভারতে চিকিৎসার জন্য তিনি গতকাল রাজশাহীতে এসেছিলেন ভিসা করার জন্য। বর্ণালীর মোড় এলাকায় তাঁর ভাগনের বাড়ি। সেখানেই ওঠার কথা ছিল তাঁর।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন রাজশাহী আসছিল। ক্রসিংয়ের গেটম্যান রাস্তা বন্ধ করে দেন। তখন রাস্তার দুই ধারে যানবাহন ও লোকজন দাঁড়িয়ে থেকে ট্রেন চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ এরশাদ আলী রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটি এসে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।