রাজশাহীতে ডায়রিয়া, ৩০ ঘণ্টায় ৭৬ জন হাসপাতালে
রাজশাহী নগরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৩০ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত আগের ৩০ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত ৭৬ জন রোগীকে ভর্তি করা হয়েছে। তাদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। শয্যার অভাবে অনেককেই মেঝে ও বারান্দায় জায়গা করে দেওয়া হয়েছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
গতকাল শুক্রবার দুপুরে হাসপাতালের ১৩, ১৪, ১৫, ৩৪ ও ৩৭ ওয়ার্ড ঘুরে ডায়রিয়া আক্রান্ত অনেক রোগী দেখা গেছে। শয্যার অভাবে অনেকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় জায়গা নিয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডের বারান্দায় শুয়ে আছেন ডায়রিয়া আক্রান্ত রাশেদ সরকার। রাজশাহীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী রাশেদ নগরের রানীবাজার এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। গতকাল সকালে তিনি হাসপাতালে ভর্তি হন।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জের সালমান শাহ। উঠেছিলেন রাজশাহী নগরের সোনাদীঘির মোড়ের একটি ছাত্রাবাসে৷ পরীক্ষার আগের দিন গত বৃহস্পতিবার রাতে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গতকাল পরীক্ষাও দিতে পারেননি তিনি। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নওগাঁ থেকে রাজশাহী শহরে কোচিং করতে আসা রোমান আহামেদ, রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন, রাজশাহী নগরের হেতেম খাঁ এলাকার মাদ্রাসাছাত্র রফিকুল ইসলাম প্রমুখ।
হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, ‘এখন প্রচণ্ড গরম চলছে। শরীর থেকে প্রচুর ঘাম ঝরছে। এ কারণে বেশি করে পানি পান করা দরকার। বাইরের পানি পান করে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। দোকানে, হোটেল-রেস্তোরাঁয় নলকূপের পানি এনে ড্রামে রাখা হয়। ড্রামের তলানি পরিষ্কার করা হয় না। অনেকে এই পানিই পান করছেন। এ ছাড়া রাজশাহীতে আমের ভরা মৌসুম চলছে। অনেকেই ঠিকমতো না ধুয়েই আম খাচ্ছেন। এসব কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।’
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও সার্জারি বিভাগের প্রধান আবদুল মোমেন বলেন, রোগী বেশি এলেও চিকিৎসার ত্রুটি হচ্ছে না। ডায়রিয়া আক্রান্তদের আরও যেসব ব্যবস্থা রাখা দরকার, তিনি তার ব্যবস্থা করছেন।