রাজশাহীতে ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' অজ্ঞাত যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজশাহীতে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে নগরের আশরাফের মোড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। এ ছাড়া বিস্তারিত আর কিছু জানা যায়নি। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন বলেন, নিহত ব্যক্তির পরনে নীল-সাদা চেকের লুঙ্গি ও গায়ে কালো রঙের গেঞ্জি রয়েছে। গায়ের রং শ্যামলা। গোঁফ-দাড়ি কামানো।
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ও মুখপাত্র ইফতে খায়ের আলমের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত তিনটার দিকে মহানগর ডিবির একটি দল আশরাফের মোড় এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ করে ও গুলি ছোড়ে। ডিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত যুবকের বুকে গুলি লেগেছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল। তখন পর্যন্ত যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় পেলে সঙ্গে জানিয়ে দেওয়া হবে।
এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।