রাজশাহীতে তারেক মাসুদ স্মরণসভা
‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো...’ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের এই গান পরিবেশনার মধ্যে দিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় রাজশাহীতে চলচ্চিত্রকার তারেক মাসুদ স্মরণে সভা হয়েছে। নগরের পদ্মা মঞ্চে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
সভায় তারেক মাসুদ স্মরণে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান করিব ও বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সভাপতি সাজ্জাদ বকুল। নগরের ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি এফ এম এ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ।
সভায় বক্তারা বলেন, ‘রাজশাহীতে চলচ্চিত্র নির্মাণ, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এ জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।’
ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে সব ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য যা যা প্রয়োজন তা করা হবে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংস্কৃতিকর্মীদের এগিয়ে আসতে হবে। তিনি আগামী নভেম্বরে রাজশাহীতে জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র উৎসব আয়োজনের ঘোষণা দেন।
আলোচনা সভা শেষে চলচ্চিত্রকার তারেক মাসুদের রানওয়ে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।