রাজশাহীতে তিন অভিযাত্রীর চিত্র প্রদর্শনীর উদ্বোধন
হিমালয়ের প্রকৃতি, উত্তর মেরু ও ল্যাপল্যান্ডের ছবি নিয়ে গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী নগরের বড়কুঠি উন্মুক্ত মঞ্চে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটির উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান।
প্রদর্শনীটির শিরোনাম দেওয়া হয়েছে ‘রাজসিক এ ক্ষুদ্র ধরণি’। অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান বলেন, ঢাকা থেকে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিতে আসতে গিয়ে যাত্রাপথে তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু সুন্দর এই ছবিগুলো আর চমৎকার আয়োজন দেখে তাঁর সব ক্লান্তি মুছে গেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক কল্পনা সাহা।
এতে ফিনল্যান্ডের সৌন্দর্যমণ্ডিত কাউন্টি ল্যাপল্যান্ড, ল্যাটিন আমেরিকা এবং হিমালয়ের প্রকৃতি, জীবন ও অভিযানের ৬৫টি আলোকচিত্র স্থান পেয়েছে। ল্যাপল্যান্ডের ছবিগুলো তুলেছেন তানভীর অপু, ল্যাটিন আমেরিকা ও উত্তর মেরুর ছবি তুলেছেন তারেক অণু ও পর্বত আরোহণের ছবি তুলেছেন দুবার এভারেস্টজয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত। অগ্রণী ব্যাংক লিমিটেড প্রদর্শনীটি স্পন্সর করেছে। ‘রাজসিক এ ক্ষুদ্র ধরণি’ তানভীর অপুর প্রথম আলোকচিত্র প্রদর্শনী।
প্রদর্শনীটি গতকাল বিকেল চারটা থেকে রাত আটটা এবং আজ ১ মার্চ বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।