রাজশাহীতে তিন কিশোরীকে ধর্ষণের চেষ্টা
কৌশলে তিন কিশোরীকে ডেকে নিয়ে রাজশাহীর একটি আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে তারা রাজশাহীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এ ঘটনার শিকার হয়।
পুলিশ খবর পেয়ে ওই তিন কিশোরীকে উদ্ধার করেছে। তাদের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। তাদের বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। তাদের দুজন আপন বোন ও একজন তাদের চাচাতো বোন।
উদ্ধার হওয়া ওই তিন কিশোরী সাংবাদিকদের জানায়, তারা রাজশাহীতে তাদের এক বোনের বাসায় বেড়াতে আসার উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় বাসযোগে কক্সবাজার থেকে রওনা দেয়। গতকাল সকাল নয়টার দিকে তারা রাজশাহীতে এসে পৌঁছায়। তাদের দুলাভাইয়ের নগরের সাহেববাজার এলাকা থেকে তাদের নিয়ে যাওয়ার কথা ছিল। সেই হিসেবে তারা বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে সাহেববাজার এলাকায় যায়। এরই মধ্যে সোনাদীঘির মোড় এলাকায় অবস্থিত ভাই ভাই আবাসিক হোটেলের ব্যবস্থাপক ডালিম আসেন ওই তিন কিশোরীর কাছে। ডালিম তাদের জানান, তাদের দুলাভাই একটু পরে আসবে। এ সময়টুকু তাদের হোটেলে রেস্ট নিতে হবে। ডালিমের এ কথায় রাজি হয়ে ওই তিন কিশোরী ভাই ভাই হোটেলে যায় ও সেখানে তাদের একটি কক্ষে রাখা হয়। এর কিছুক্ষণ পরে ডালিম ওই কক্ষে তালা লাগিয়ে দেন৷
কিশোরীরা আরও জানায়, ডালিমসহ আরও কয়েকজন যুবক এসে তাদের একজনকে ধর্ষণের চেষ্টা করলে সে কৌশলে পালিয়ে যায়৷ পরে তারা অন্য দুজনকেও ধর্ষণের চেষ্টা করেন৷ এ সময় তাদের কাছে থাকা দুটি মুঠোফোনও কেড়ে নেওয়া হয়। তা ছাড়া, যৌন ব্যবসায় জড়িত হতে অপারগতা প্রকাশ করায় তাদের মারধরও করা হয়।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে ডালিম ওই তিন কিশোরীকে আটকে রাখা কক্ষে প্রবেশ করেন। এর পর তিনি তাদের যৌন ব্যবসায় জড়িত হওয়ার প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ডালিম নিজেই একজনকে ধর্ষণের চেষ্টা চালান। তবে ধর্ষিত হলে ওই কিশোরী আত্মহত্যা করবে বলে ঘোষণা দিলে ডালিম তাকে ছেড়ে দেন। এই সুযোগে ওই কিশোরী পালিয়ে হোটেলের নিচে চলে আসে। এরপর সে রাস্তায় দাঁড়ানো এক ট্রাফিক পুলিশকে বিষয়টি জানায়। ট্রাফিক পুলিশ ওই কিশোরীকে থানায় যাওয়ার জন্য রিকশা ভাড়া করে দেয়। সে থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। এরপর বোয়ালিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই কিশোরীকে নিয়ে ভাই ভাই হোটেলে অভিযান চালায়। কিন্তু তার আগেই হোটেলের ব্যবস্থাপক ডালিমসহ অন্যরা পালিয়ে যায়। পরে আটকে রাখা অন্য দুই কিশোরীকেও উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
সাইফুর রহমান বলেন, কৌশলে ডেকে নিয়ে তিন কিশোরীকে প্রথমে জোর করে যৌন ব্যবসায় লিপ্ত করার চেষ্টা চালানো হয়। এতে ব্যর্থ হয়ে হোটেল ব্যবস্থাপক নিজেই এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ অভিযোগে ডালিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে বোয়ালিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ তিন কিশোরীর বাড়িতে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে লোকজন এলে তাদের পরিবারের হাতে তাদের তুলে দেওয়া হবে।