রাজশাহীতে তিন দিনের বনসাই প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী ১৫তম বার্ষিক বনসাই প্রদর্শনী গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে গতকাল সকাল ১০টায় সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এর উদ্বোধন করেন।
সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য নূরুল হোসেন চৌধুরী ও বিশিষ্ট গবেষক মুহাম্মদ লুৎফুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মোর্শেদ।
বক্তারা বনসাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তাঁরা বলেন, ‘উত্তরাঞ্চলে এ ধরনের প্রদর্শনী খুবই বিরল। বনসাই আমাদের জীবনকে প্রকৃতির কাছে নিয়ে যাওয়ার একটি মাধ্যম হিসেবে কাজ করে। বনসাই হলো প্রকৃতিপ্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি।’ তাঁরা বলেন, সারা দেশের বনসাইয়ের প্রায় ৮০ শতাংশ রাজশাহীতে হয়। কিন্তু প্রচার-প্রচারণার অভাবে দেশের মানুষ জানতে পারছে না।
প্রদর্শনীতে ৬০ জন শিল্পীর প্রায় ২০০টি দেশি-বিদেশি বনসাই স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে বট, পাকুড়, লাইকড়, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, তেঁতুল, কামিনী, রেটুসা, রামফি, ভাইরেন্স প্রভৃতি।