রাজশাহীতে তিন মেয়র পদপ্রার্থীর আপিল খারিজ
রাজশাহীতে পৌরসভা নির্বাচনে বাতিল হওয়া তিন মেয়র প্রার্থীর আপিল আবেদন গত বুধবার খারিজ করে দিয়েছেন জেলা প্রশাসক। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রার্থীরা হলেন—চারঘাট পৌরসভার বর্তমান মেয়র বিকুল আলী, দুর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ জামাল উদ্দিন এবং তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র আবু নইম শামসুর রহমান। তবে আপিলে কাটাখালী পৌরসভার মেয়র প্রার্থী আব্বাস আলীর মনোনয়নপত্র টিকে গেছে। জানা গেছে, ইউনুস আলী তালুকদার নামের এক ব্যক্তি বিকুল আলীর বিরুদ্ধে হলফনামায় ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন। অভিযোগে বলা হয়েছিল, এসএসসির সনদপত্র অনুযায়ী তাঁর বয়স এখনো ২৫ বছর পূর্ণ হয়নি। তাঁর প্রকৃত নাম জাকিরুল ইসলাম। দুর্গাপুর পৌরসভার সৈয়দ জামাল উদ্দিন তাঁর মনোনয়নপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র দেননি। এ ছাড়া তিনি আয়করসংক্রান্ত তথ্য গোপন করেছিলেন।