রাজশাহীতে দরপত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকাদারি কাজের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে রাজশাহীতে একজন ঠিকাদারের কার্যালয়, একটি রোগ নির্ণয়কেন্দ্র ও একটি ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর ও সাড়ে চার লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।ঠিকাদারদের একটি সূত্র জানায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নওগাঁর দুটি সেতুর নির্মাণকাজের জন্য সাড়ে সাত কোটি টাকার দরপত্র আহ্বান করে। সমঝোতার মাধ্যমে একটি কাজ রাজশাহীর ঠিকাদার ও একটি নওগাঁর ঠিকাদার পান।রাজশাহীর ঠিকাদার ও কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী বদিউজ্জামান জানান, সমঝোতা অনুযায়ী খরচ বাদে রাজশাহীর ঠিকাদারের কাজ বাবদ ৫০ লাখ ও নওগাঁর কাজ থেকে ২৬ লাখ টাকা পাওয়া যায়। নওগাঁর ২৬ লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা দুটি মসজিদে এবং তিন লাখ টাকা সদ্যপ্রয়াত ঠিকাদার সমিতির ব্যবস্থাপকের পরিবারকে দেওয়া হয়। ২০ লাখ টাকা ১৬ জন ঠিকাদারের মধ্যে ভাগ করে দেওয়া হয়। অবশিষ্ট এক লাখ ও রাজশাহীর ৫০ লাখ টাকা ১৯০ জন ঠিকাদারের মধ্যে ভাগ করা হয়। এতে প্রত্যেকের ভাগে ২৬ হাজার টাকা করে পড়ে।ঠিকাদারদের অপর একটি সূত্র জানায়, প্রত্যেকের ভাগে ৭৬ হাজার টাকা করে পাওয়ার কথা। কিন্তু কয়েকজন ঠিকাদার নেতা মাত্র ২৫ হাজার টাকা করে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে বঞ্চিত ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঠিকাদার হারুন উর রশিদ বলেন, বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে তিনি ও তাঁর খালাতো ভাই নজরুল ইসলাম নগরের বহরমপুরে নিজের কার্যালয়ে বসে ছিলেন। এ সময় নগরের দাশপুকুর এলাকার কানা শফিক, নাজির ও সেলিম; লক্ষ্মীপুর টিবি রোড এলাকার সুজন ও বজলু; ঘোষের মহল এলাকার মিলন, কাজীহাটা এলাকার রাজু, গ্রেটার রোড এলাকার শাওন ও রুবেল এবং খড়খড়ি এলাকার হারুনসহ কয়েকজন তাঁর কার্যালয়ে এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে তারা রামদা, চাইনিজ কুড়াল ও রড দিয়ে হামলা চালিয়ে টেলিভিশন, টেলিফোন, চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাব ভাঙচুর করে। বাধা দিতে গেলে তাদের হামলায় তাঁর একটি আঙুল কেটে যায় এবং তাঁর খালাতো ভাই নজরুল ইসলামের হাত ভেঙে দেওয়া হয়। এ সময় তাঁর টেবিলের ড্রয়ার থেকে তিন লাখ টাকা নিয়ে যায় হামলাকারীরা।পুলিশ জানিয়েছে, একই হামলাকারীরা পরে নগরের লক্ষ্মীপুরের কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও বৈশাখী ক্লিনিকে একই কায়দায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী বদিউজ্জামান বলেন, তাঁর কার্যালয়ের ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা লুট করা হয়েছে। বৈশাখী মেডিকেল সার্ভিস ও প্যাথলজি সেন্টার থেকে লুট করা হয়েছে ৮০ হাজার টাকা।এ ব্যাপারে রাতেই তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হারুন উর রশিদ বাদী হয়ে নগরের রাজপাড়া থানায় নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। হারুন উর রশিদ অভিযোগ করেন, হামলাকারী কানা সফিকের আত্মীয়রাই কাজ পেয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। আসামিদের গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।