রাজশাহীতে দলিল লেখক ও নকলনবিশদের কর্মবিরতি
রাজশাহী জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের রেকর্ড রুমে জালিয়াতির ঘটনা কেন্দ্র করে নকলনবিশ অ্যাসোসিয়েশন ও দলিল লেখক সমিতি পাল্টাপাল্টি অভিযোগ এনে গতকাল মঙ্গলবার কর্মবিরতি পালন করেছে। দুটি সংগঠনই পরস্পরের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে।জেলা রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, ৩৭৯৩/১০ নম্বর একটি বণ্টননামা দলিলের দ্বিতীয় পক্ষ আবদুল বারীর নাম ঘষাঘষি করে তুলে তারিক হোসেনের নাম লেখা হয়। একপর্যায়ে বিষয়টি ধরা পড়লে নকলনবিশ মিলনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং এ ঘটনায় জড়িত অভিযোগে দলিল লেখক মনিরুজ্জামানের লাইসেন্স স্থগিত করা হয়।এ ব্যাপারে জেলা রেজিস্ট্রর মমতাজ আরা বেগম বলেন, দলিল লেখক সমিতি ও নকলনবিশ অ্যাসোসিয়েশনের মধ্যে দ্বন্দ্বের কারণে কর্মবিরতি চলছে। দলিল লেখক সমিতি তাঁর কাছে স্মারকলিপি দিয়ে নকলনবিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের অপসারণ চেয়েছে। তিনি স্বীকার করেন, দলিল বিকৃত করার দায়ে নকলনবিশ মিলনকে সাময়িকভাবে বরখাস্ত ও মনিরুজ্জামনের লাইসেন্সের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান।