রাজশাহীতে দুই বাংলার কবিদের কবিতা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের শাহ মখদুম কলেজ চত্বরে গতকাল কবিতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ।  ছবি: প্রথম আলো
রাজশাহী নগরের শাহ মখদুম কলেজ চত্বরে গতকাল কবিতা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা । ছবি: প্রথম আলো

এপার ও ওপার বাংলার লেখক-কবিদের নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী কবিতা মেলা। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের শাহ মখদুম কলেজ চত্বরে মেলার উদ্বোধন করেন কবি জুলফিকার মতিন।
‘রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল’ এই স্লোগান সামনে রেখে কবিকুঞ্জের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
অনুষ্ঠানের শুরুতে গত এক বছরে যেসব কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী মারা গেছেন, তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। মেলার প্রথম দিন প্রয়াত ভাষাসংগ্রামী বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে এবং দ্বিতীয় দিন প্রয়াত ভাষাসংগ্রামী সাইদ উদ্দিন আহমেদকে উৎসর্গ করা হয়েছে।
হাসান আজিজুল হক বলেন, ‘কবিতা ও সংগীত যাকে টানে না সে মানুষ পর্যন্ত খুন করতে পারে। তবে আজকাল আমরা এ-ও দেখি, কবিরাও মানুষ খুন করে।’ দেশের স্বাধীনতাসংগ্রামে কবিদের অবদানের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘আজকের প্রজন্ম দেখেনি কবিদের কী শক্তি। একজন কাজী নজরুল ইসলামের কবিতা কী করতে পারে, রবীন্দ্রনাথের একটি শব্দ কী করতে পারে, জীবনানন্দের একটি অক্ষর কী করতে পারে, আমরা তা দেখেছি।’
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘এই রাষ্ট্রের জন্মের পেছনে মুক্তিযোদ্ধাদের চেয়ে কবিদের অবদান কোনো অংশে কম নয়। একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য আমরা একসঙ্গে লড়াই করে যাব। সেটা রাজপথে হোক আর কবিতায় হোক।’
মেলার আয়োজক কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কবি আরিফুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কবি মৃণাল বসু চৌধুরী, রাজশাহীর ভাষাসৈনিক আবুল হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান প্রমুখ।
উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১২টায় গণসংগীত পরিবেশন করা হয়। দ্বিতীয় পর্ব বিকেল চারটায় শুরু হয়ে রাত নয়টায় শেষ হয়। মেলায় নির্বাচিত কবিদের স্বকণ্ঠে কবিতা পাঠ, অতিথিদের অভিভাষণে কবিকুঞ্জ সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন ও কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আজ মেলার দ্বিতীয় দিনে গদ্যশিল্পীর কবিতা ভাবনা, নির্বাচিত কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, কবিকুঞ্জ পদক-২০১৩ প্রদান এবং মুক্ত আড্ডা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। মেলায় দুই বাংলার প্রায় ২০০ কবি-সাহিত্যিক-লেখক অংশ নিচ্ছেন।