রাজশাহীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

রাজশাহীতে যাত্রীবাহী দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৮জন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১টার দিকে মহানগরের মাসকাটা দিঘি পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এর পর থেকে রাজশাহী-নাটোর সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) আবু জাফর সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর দুর্গাপুরের আড়ুইল গ্রামের আবু বকর সিদ্দীক, অর্পা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নরশিয়া গ্রামের আজাফ আলী ও তাঁর স্ত্রী বেলী আরা, অর্পা পরিবহনের চালক মিন্টু, ন্যাশনাল গাড়ির চালক শহীদুল ইসলাম, রাজশাহীর বাঘা উপজেলার ফতেপুর বাইশা গ্রামের ফারজানা শেখ। তিনি রাজশাহী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর অপরজন হলেন পুঠিয়া উপজেলার ভালুকগাছি গ্রামের মঈন উদ্দিন।
আজাফ আলী ও তাঁর স্ত্রী বেলী আরা ছিলেন ন্যাশনাল ট্রাভেলস বাসের যাত্রী। অন্যরা অর্পা পরিবহনের যাত্রী।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানায়, ঢাকা থেকে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস রাজশাহী শহরে ঢুকছিল। অন্যদিকে আরেকটি বাস রাজশাহীর বাগমারার তাহেরপুরে যাচ্ছিল। বেলা একটার দিকে দুটো বাসের মুখোমুখি সংঘর্ষে চাপা পড়ে একটি অটোরিকশাও। এরপর আহত অবস্থায় ৫৩ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পাঁচজন মারা যান। আর ঘটনাস্থল থেকে হাসপাতালে পাঠানো হয় দুটি লাশ।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।