রাজশাহীতে দুই মামলায় জামায়াত নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহের মাথায় পুলিশের ওপর বোমা হামলা ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় জামিন পেলেন রাজশাহী মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। গত রোববার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর সন্ধ্যায় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।
পুলিশ জানায়, আবুল কালাম আজাদের (৬০) নামে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে চারটিই বিস্ফোরক আইনে। মামলাগুলোর মধ্যে তিনটি ২০০৬ সালের, দুটি ২০১৩ সালের, তিনটি ২০১৫ সালের ও গত ২৪ জুলাই করা হয়েছে দুটি মামলা।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ছিলেন আবদুস সালাম। জামায়াত নেতা আবুল কালাম আজাদের জামিনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জামায়াত নেতার আইনজীবীরা তাঁকে মেস মালিক হিসেবে দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন। তিনি সরকারি কৌঁসুলি হিসেবে তাতে বাধা দেন। তারপরও আদালতের জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে। আদালত তাঁকে জামিন দিয়েছেন।
নগরের বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে করা মামলার এজাহার থেকে জানা গেছে, নগরের পাঠানপাড়া এলাকায় ডি-১৪৯ নম্বর বাসায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছেন, এমন খবর পেয়ে ২৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের আভাস পেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বোমার আঘাতে দুজন পুলিশ সদস্য আহত হন। পরে সেখান থেকে আবুল কালাম আজাদসহ জামায়াত-শিবিরের সাতজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় আটককৃত সাতজনসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নামে বোয়ালিয়া থানায় দুটি মামলা করা হয়।
বিস্ফোরক আইনের মামলাটির তদন্ত করছেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মুনিরুল ইসলাম ও অপরটি এসআই খালিদুর রহমান।