রাজশাহীতে দুজনকে কুপিয়ে হত্যা, ধুনটে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুল খালেক (৩২) নামের এক ব্যক্তিকে তাঁর বড় ভাই কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বাজেকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে গত শুক্রবার রাজশাহী নগরের ঠাকুরমারা এলাকায় হানিফ শেখ (৬০) নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন বিকেলে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বৈশাখীর চরে ছেলের হাতে দিনমজুর বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বাগমারা (রাজশাহী): পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজেকোলা গ্রামের লছির উদ্দিনের তিন ছেলে আবু সাইদ, মোজাফফর হোসেন ও আবদুল খালেকের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে মোজাফফর বিরোধপূর্ণ জমি দখলে নিয়ে বেড়া নির্মাণ শুরু করেন। খবর পেয়ে খালেক ও সাইদ ঘটনাস্থলে গিয়ে মোজাফফরকে বাধা দেন। বাগিবতণ্ডার একপর্যায়ে মোজাফফর তাঁর হাতে থাকা হাঁসুয়া দিয়ে ছোট ভাই আবদুল খালেককে কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই খালেক মারা যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হামিদ জানান, মোজাফফরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজশাহী: পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা নগরের ঠাকুরমারা শেখপাড়া এলাকায় হানিফের পরিবারের ওপর হামলা করে। এ সময় তারা চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে হানিফকে আহত করে। এতে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা হানিফের স্ত্রী জোহরা বেগম ও মেয়ে রিনাকে মারধর করে আহত করে। হানিফকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল ভোরে তিনি মারা যান। এ ঘটনায় জোহরা বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে নগরের রাজপাড়া থানায় মামলা করেছেন। ওই থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট (বগুড়া): পুলিশ সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে বৈশাখীর চরের বাসিন্দা দিনমজুর আশরাফ আলীর (৬৫) সঙ্গে ছেলে সোহেল রানার বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেলের মারধরে আশরাফ ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর থেকে সোহেল রানা পলাতক।