রাজশাহীতে দুর্ঘটনায় নিহত ১, আহত ৩১
রাজশাহীর মোহনপুর উপজেলায় গতকাল শুক্রবার ট্রাকের ধাক্কায় ভটভটির এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২০ যাত্রী। নিহত যাত্রীর নাম নেকিনা বেগম (৫০)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার খঁজিপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।
এদিকে জেলার গোদাগাড়ী উপজেলার কদমশহর এলাকায় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী ভটভটি উল্টে চালকসহ ১১ যাত্রী আহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে কদমশহর রেলগেটে এ ঘটনা ঘটে। কদমশহর রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী একটি ট্রেন ভটভটিতে ধাক্কা দেয়।
মোহনপুর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, গতকাল খঁজিপুর গ্রামের লোকজন ভটভটিতে করে নওগাঁয় যাচ্ছিল। মোহনপুরের কেশরহাট ডিগ্রি কলেজের সামনে নওগাঁগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ভটভটির যাত্রী নেকিনা নিহত হন। আহত হয় শিশুসহ প্রায় ২০ যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে খঁজিপুর গ্রামের শিশু সাদিয়া (৩) ও আবদুস সালামের স্ত্রী সানজু বেগমকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গোদাগাড়ীতে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই পরস্পরের আত্মীয়। তাঁদের বাড়ি উপজেলার কাঁকনহাট পৌরসভার আইহাই রাহি এলাকায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁরা সবাই শঙ্কামুক্ত।