রাজশাহীতে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা নিহত
রাজশাহীতে গতকাল বুধবার বিকেলে দুর্বৃত্তের গুলিতে ওয়ার্ড যুবলীগের নেতা সরোয়ার হোসেন নিহত হয়েছেন। তিনি মহানগর যুবলীগের সাত নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তাঁকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে চণ্ডীপুর এলাকায় কদমতলার মোড়ে সারোয়ারের বড় ভাই জাফর ইকবালের সঙ্গে স্থানীয় যুবক মাহফুজুর রহমানের বাগিবতণ্ডা হচ্ছিল। বিষয়টি শুনে সারোয়ার বাড়ি থেকে ঘটনাস্থলে ছুটে যান। তিনি সেখানে গেলে তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পাঁচ-ছয়টি গুলি করে। স্থানীয় লোকজন সারোয়ারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই জাফর জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহফুজের একটি দল আছে। এলাকায় তারা ‘মায়া গ্রুপ’ নামে পরিচিত। সারোয়ার ঠিকাদারি ব্যবসা করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি নিয়ে মায়া গ্রুপের সঙ্গে সরোয়ারের দ্বন্দ্ব চলছিল। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, দুই পক্ষই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঠিকাদারি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পিস্তল থেকে প্রতিপক্ষের লোকজন সারোয়ারকে গুলি করেছে। তিনি বলেন, ওই ঘটনায় জড়িত সন্দেহে তোফাজ্জল হোসেন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।