রাজশাহীতে গতকাল মঙ্গলবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রাক সরবরাহ কর্মকর্তার (টিএসও) কার্যালয় থেকে এক যুবলীগ কর্মীর নেতৃত্বে দেড় কোটি টাকার কাজের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
আলাল পারভেজ নামের একজন ঠিকাদার অভিযোগ করে বলেন, তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান সফল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। বিশ্বাস কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তিনি প্রায় দেড় কোটি টাকার রেলওয়ে পশ্চিমাঞ্চলের ফরিদপুর সেকশনের প্রটেকশন ওয়াল নির্মাণকাজের দরপত্র তৈরি করেন। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। বেলা ১১টার দিকে সফল এন্টারপ্রাইজের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তুষার এ কাজের দরপত্র জমা দিতে যান।
আলাল অভিযোগ করেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে রাখা বাক্সে দরপত্রটি ফেলতে গেলে স্থানীয় সুমন, পলাশ ও আরজুর নেতৃত্বে ২০-২৫ জন তুষারকে বাধা দেয়। পরে তিনি নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাকের উপস্থিতিতে ট্রাক সরবরাহ কর্মকর্তার (টিএসও) কার্যালয়ের বাক্সে দরপত্র ফেলেন। এরপর ওই সন্ত্রাসীরা এ কার্যালয়ে ঢুকে বাক্সের তালা ভেঙে তাঁর দরপত্র নিয়ে যায়। দরপত্রের সঙ্গে প্রাইম ব্যাংকের রাজশাহী শাখার ১৮ ফেব্রুয়ারি তারিখের সাড়ে পাঁচ লাখ টাকার বিডিও ছিল।
আলাল আরও অভিযোগ করেন, যারা দরপত্র ছিনতাই করেছে তাদের মধ্যে সুমন যুবলীগের কর্মী। পলাশ ও আরজু স্থানীয় সন্ত্রাসী।
এই অভিযোগ নিয়ে সুমন বা তার সহযোগীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে টিএসও আসাদুল হক সাংবাদিকদের বলেন, ‘ওরা কার্যালয়ে ঢুকেই বাক্স কাত করে দরপত্র বের করে নিয়ে চলে যায়।’ রেলওয়ে সূত্রে জানা গেছে, বের করে নিয়ে যাওয়া দরপত্রটিই ছিল প্রথম। ঘটনার পর কয়েকটি দরপত্র জমা পড়ে।
এসআই আবদুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই সময় তিনি গেটের বাইরে ছিলেন। তিনি কিছুই বলতে পারবেন না।
গতকাল রাত সোয়া আটটার দিকে আলাল জানান, ছিনতাইয়ের ঘটনায় তিনি বোয়ালিয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।