রাজশাহীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
স্বামীর সঙ্গে প্রতিদিন একই ভটভটিতে চড়ে গোদাগাড়ী থেকে রাজশাহী সিটি করপোরেশনের নির্মাণকাজে আসেন মুক্তি। কাজ শেষে বিকেলে একই গাড়িতে বাড়ি ফিরে যান। আজ বুধবার থেকে দুজনের গাড়ি আলাদা হয়ে গেল।
ড্রেনের কাজ করার সময় পাশের বাড়ির সীমানাপ্রাচীরের নিচে চাপা পড়ে মারা গেছেন স্বামী দুখু বিশ্বাস (৫০)। বুধবার দুপুরে রাজশাহী নগরের সাগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা দুখু বিশ্বাসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মুক্তিকে আলাদা একটি গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
দুখু বিশ্বাসের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খয়রাকান্দি গ্রামে। দুখুর ছেলে রাজুও মা–বাবার সঙ্গেই শহরের নির্মাণশ্রমিক হিসেবে কাজে আসেন। সে আলাদা জায়গায় কাজ করে। তার বয়স প্রায় ১৭ বছর। বাবার দুর্ঘটনার খবর পেয়ে রাজু হাসপাতালে ছুটে আসে। রাজু জানায়, অভাবের সংসার, তাই লেখাপাড়া করতে পারেনি। ছোট বোনটার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। রাজু মা–বাবার সঙ্গে শহরে কাজ করে। বিকেল চারটার সময় রাজু বাবার লাশের পাশে বসেই ছিল। সে জানায়, মাকে অন্য একটা গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে সে বাবার লাশ নিয়ে যাবে।
এই কাজের জন্য সিটি করপোরেশনের কর্তব্যরত সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন জানান, এই শ্রমিকেরা ড্রেনের মাটি কাটার কাজ করছিলেন। পাশের বাসার যে দেয়াল ধসে পড়েছে, সেটি আসলে পুরোনো দেয়াল। নতুন করে প্লাস্টার করা ছিল বলে তাঁরা বুঝতে পারেননি। তা ছাড়া ভেতরের দিক থেকে প্রাচীর ঘেঁষে নির্মাণসামগ্রী রাখা ছিল। এই চাপে দেয়াল ধসে গেছে। বেলা পৌনে একটার দিকে ঘটনাটি ঘটে। এই দেয়ালে চাপা পড়ে আরও দুজন শ্রমিক আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের এলাকায় কাজ হচ্ছে। বিষয়টি তাঁকে জানানো হয়েছে। তিনি ঠিকাদারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেবেন।