রাজশাহীতে দোকানঘর দখল নিয়ে ব্যবসায়ী-যুবলীগ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানঘর দখলকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজশাহী স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর ও পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির একটি নিজস্ব কার্যালয় খোলার জন্য সম্প্রতি স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছ থেকে মার্কেটের তিনতলার তিনটি দোকানঘর বরাদ্দ নেন ব্যবসায়ীরা। সেখানে চার-পাঁচ দিন ধরে নিজেদের সংগঠনের চেম্বার নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ওই স্থানে তাঁদের দলীয় কার্যালয় গড়ে তোলার কথা বলেন।ব্যবসায়ীরা তাতে আপত্তি জানালে গতকাল বেলা সোয়া একটার দিকে যুবলীগের কর্মী রবিউল ইসলাম, শরীফুল ইসলাম, জনি, রতনসহ ১৫-২০ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ওই চেম্বারে কাজ বন্ধ করতে যান। এ সময় বাধা দিতে গেলে তাঁদের হামলায় ব্যবসায়ী সমিতির সদস্য আরব আলী আহত হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ব্যবসায়ী সমিতির লোকজন যুবলীগের নেতা-কর্মীদের আড্ডাখানা বলে পরিচিত সাব্বির পান ও ভ্যারাইটি স্টোর, একটি কম্পিউটার প্রশিক্ষণের দোকান, একটি চেম্বার ও রাজশাহী-নওগাঁ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ভাঙচুর করেন। বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ নয়টি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ চলাকালে প্রায় এক ঘণ্টা রাজশাহী-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান অভিযোগ করেন, স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জোর করে তাঁদের জায়গা দখল করে দলীয় কার্যালয় করার চেষ্টা করছিলেন। এতে বাধা দিতে গেলে তাঁরা ব্যবসায়ী সমিতির লোকজনের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। হামলায় ব্যবসায়ী সমিতির অন্তত ১২ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা শাহীন অভিযোগ করেন, যুবলীগের নাম ভাঙিয়ে কিছু উচ্ছৃঙ্খল লোক এ ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে দলের প্রকৃত নেতা-কর্মীরা কেউ জড়িত নন।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।