রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে দুই মাস ধরে নিখোঁজ কলেজছাত্রীকে উদ্ধারের দাবিতে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো গণ–অনশন কর্মসূচি পালিত হয়েছে।
বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত রাজশাহীবাসীর ব্যানারে নগরের ভুবনমোহন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে গণ–অনশন কর্মসূচি পালন করা হয়েছে। এরও আগে ২ অক্টোবর অবস্থান কর্মসূচি এবং ২৯ সেপ্টেম্বর মানববন্ধন ও সমাবেশ করা হয়। গণ–অনশন কর্মসূচি থেকে ঘোষণা করা হয়, নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা না হলে ১৪ অক্টোবর এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।
রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে দলমত-নির্বিশেষে বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতা ও ব্যবসায়ীরা অংশ নেন।
অনশন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ শফিকুর রহমান, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ভাষাসংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জি, মহিলা পরিষদের রাজশাহী শাখার সভাপতি আবেদা রায়হান প্রমুখ।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কলেজছাত্রী নিখোঁজ হওয়ার দুই মাস অতিবাহিত হলেও পুলিশ তাকে উদ্ধার করছে না।
১২ আগস্ট সকাল আটটার দিকে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হকের ফোন পেয়ে মেয়েটি মহানগরের কোর্ট স্টেশনের হড়গ্রাম বাজার এলাকার বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল নয়টার দিকে সে বাড়ি ফিরে বেলা ১১টার দিকে কোচিংয়ের ব্যাগ নিয়ে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
পুলিশ সূত্র জানায়, গত ১৫ আগস্ট মোমিনুল হক, তাঁর মামা ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মেয়ের পরিবার রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা করে। এর আগে ১৪ আগস্ট বিকেলে পুলিশ মোমিনুল হককে গ্রেপ্তার করে। নিখোঁজ হওয়ার ২০ দিন পর মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তরের জন্য মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করে মেয়েটির পরিবার। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোমিনুল হককে রিমান্ডে নেওয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ। কিন্তু রিমান্ড মঞ্জুরের আগেই জামিনে মুক্তি পান মোমিনুল হক।