রাজশাহীতে ধরা পড়লেন সরকারি ওষুধবিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে সরকারি হাসপাতালের ওষুধবিক্রেতা ধরা পড়েছেন। গতকাল শনিবার তাঁর দোকান থেকে সরকারি ওষুধও উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাঁর ১৫ দিনের কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাঁর নামে থানায় নিয়মিত মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল প্রথম আলোতে ‘রাজশাহীতে সরকারি ওষুধ বাজারে বিক্রি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ দেন।
রাজশাহী নগরের লক্ষ্মীপুর এলাকার নাজমুল ড্রাগস নামের ওই দোকান থেকে সরকারি হাসপাতালের ওষুধ বিক্রি করা হয়। দোকানটিতে কোনো সাইনবোর্ড নেই। শুধু একটি ব্যানার টাঙানো রয়েছে। তাতে লেখা রয়েছে: মেসার্স নাজমুল ড্রাগস, দেশি-বিদেশি পাইকারি ওষুধ বিক্রেতা।
এই দোকানে সরকারি ওষুধের ক্রেতারা এসে নাজমুলের কাছে ওষুধের ফরমায়েশ দিলে নাজমুলের স্ত্রী কিছুক্ষণের মধ্যেই কার্টনে করে ওষুধ নিয়ে দোকানে চলে আসেন। একইভাবে প্রথম আলোর পক্ষ থেকে সত্যতা যাচাইয়ের জন্য ১০ মার্চ প্রায় দেড় হাজার টাকার সরকারি ওষুধ কেনা হয়। ওষুধগুলো বাজারের খুচরা মূল্যের অর্ধেক বা এক-চতুর্থাংশ মূল্যে পাওয়া যায়।
গতকাল রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহাম্মেদের নেতৃত্বে লক্ষ্মীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রাজশাহী ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মির্জা মো. আনোয়ারুল বাসেদ ও রাজশাহী মহানগর পুলিশ এতে সহযোগিতা করেন। বেলা দুইটার দিকে দোকানের তালা ভাঙার প্রস্তুতি নেওয়া হলে নাজমুলের স্ত্রী নাজমা বেগম (৪৭) আসেন। দোকানে এ সময় খুব অল্প পরিমাণে ওষুধ ছিল। তার মধ্যে একটি কার্টন থেকে সরকারি হাসপাতালের ৯০টি ইনজেকশন উদ্ধার করা হয়। এই অপরাধের জন্য আদালত তাঁর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।