রাজশাহীতে ধর্মঘট প্রত্যাহার
দণ্ডপ্রাপ্ত পাঁচ ট্রাকচালকের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট শুরু হয়। সকাল থেকে রাজশাহীর কোনো সড়কপথে বাস ছেড়ে যায়নি। রাজশাহী জেলা মোটর শ্রমিক ও ট্রাক শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। এতে করে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
পরে গতকাল বিকেল পাঁচটার দিকে ধর্মঘট প্রত্যাহারের পরে বাস চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ জানান, পাঁচ শ্রমিকের দণ্ডাদেশের ব্যাপারে আপিল করা হয়। আপিল মঞ্জুর হলে তাঁরা জামিনে মুক্তি পান। এরপর তাঁরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
১১ মার্চ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে পাঁচজন ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ওই দিন বিকেল পাঁচটার মধ্যে জরিমানার টাকা পরিশোধ না করায় তাঁদের কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে ওই দিন বিকেল পাঁচটা থেকে রাজশাহী-নাটোর সড়কের কাশিয়াডাঙ্গা মোড়, আমচত্বর, শিরোইল বাস টার্মিনাল এবং তালাইমারী এলাকায় ট্রাক দিয়ে অবরোধ করেন শ্রমিকেরা। পরে ট্রাকের মালিকেরা টাকা দিয়ে শ্রমিকদের মুক্ত করার ঘোষণা দিলে এক ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তখন তাঁদের মুক্তির ব্যবস্থা হয়নি।
পাবনায় ধর্মঘট ডেকে প্রত্যাহার: আমাদের পাবনা অফিস জানায়, তিন বাসশ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁদের মুক্তির দাবিতে গতকাল সকাল ছয়টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। পরে ওই দিন দুপুরে তা প্রত্যাহার করা হয়েছে।
শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, ১৪ মার্চ ভোরে পাবনার ‘কাব্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় যাওয়ার পথে এক যাত্রীর আট লাখ টাকা খোয়া যায়। ওই যাত্রী বিষয়টি পুলিশকে জানালে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক মোড় এলাকায় পুলিশ বাসের চালক, সুপারভাইজার এবং হেলপারকে আটক করে। ওই যাত্রী টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় একটি মামলা করেন। পুলিশ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে। এরপর বুধবার রাতে জরুরি বৈঠক করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট আহ্বান করে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।