রাজশাহীতে ধর্ষণের শিকার ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে ধর্ষণের শিকার কলেজছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, গতকাল রোববার তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানো হলেও ভর্তি করা যায়নি।হাসপাতাল সূত্র জানায়, ধর্ষণের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ওই ছাত্রী শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) সূত্র জানায়, হাসপাতালে ভর্তির জন্য নির্ধারিত সময়ে না পৌঁছাতে পারায় মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ ওই ছাত্রীকে ভর্তি করেনি। তাই তাকে আবার হাসপাতালে ফিরিয়ে আনা হয়েছে। আজ (সোমবার) নির্ধারিত সময়ের মধ্যে তাকে হাসপাতালে পাঠানো হবে।ওসিসির সমন্বয়কারী চিকিৎসক মাহবুব আরা চৌধুরী জানান, ছাত্রীটি যে ধর্ষণের শিকার হয়েছে, তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ওই ছাত্রীর মানসিক ভারসাম্য ফিরে আসেনি। এই অবস্থায় চিকিৎসকেরা তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।এদিকে ওই ছাত্রীর বাবা গতকাল বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দিলেও তা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম বলেন, ওই ছাত্রীর বাবা যে লিখিত অভিযোগ দিয়েছেন, তা এজাহারের শর্ত পূরণ করে না। তাই অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। তিনি বলেন, ওই ছাত্রী সুস্থ হলে তার সঙ্গে কথা বলে মামলা করা যাবে।এদিকে ওই ছাত্রীর মুঠোফোন কলেজের ছাত্রীনিবাসে পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ফোনের কললিস্টে যে নম্বর রয়েছে তা মামলার তদন্তে কাজে লাগতে পারে।রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ডিগ্রি কলেজের ওই ছাত্রী ১ জুলাই কলেজের ছাত্রীনিবাস থেকে নিখোঁজ হন। ২ জুলাই কলেজের অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার এ ঘটনায় তানোর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৩ জুলাই বিকেলে তানোর পৌর এলাকার কালিগঞ্জহাটের ধানহাটা পুরাতন কাউন্সিল ভবনের নিচে ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়। পুলিশের ধারণা, ওই ছাত্রীকে নেশাদ্রব্য খাইয়ে গণধর্ষণ করা হয়েছে।