রাজশাহীতে ধসে পড়ল পদ্মা পাড়ের রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের সেখেরচক পাচানী মাঠসংলগ্ন পদ্মাপাড়ের রাস্তা ধসে গেছে গত শনিবার। এখন পর্যন্ত ধস ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
রাজশাহী নগরের সেখেরচক পাচানী মাঠসংলগ্ন পদ্মাপাড়ের রাস্তা ধসে গেছে গত শনিবার। এখন পর্যন্ত ধস ঠেকাতে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ফাটল দেখা দেওয়ার এক সপ্তাহের মাথায় রাজশাহী নগরের সেখেরচক এলাকায় পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। প্রায় ২০০ মিটার সড়ক মূল সড়ক থেকে পাঁচ ফুটের মতো নিচু হয়ে দেবে গেছে। এ ছাড়া সড়কের পাশের ফুটপাতটিও দেবে গেছে।
গতকাল রোববার দুপুরে সেখেরচক পাঁচানী মাঠের ওই এলাকায় গিয়ে দেখা যায়, ধসে যাওয়া রাস্তার দুই পাশে বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ২০০ মিটার সড়কে ধস নেমে মূল সড়ক থেকে প্রায় পাঁচ ফুট নিচু হয়ে দেবে গেছে। সড়কের পাশের টাইলস বসানো ফুটপাতটিও দেবে গেছে। মূল ধসের জায়গায় পড়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। সেটি হেলে পড়েছে। বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় লোকজন খুঁটিতে উঠে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন।
ধসের পাশের বাড়িতে পরিবার নিয়ে থাকেন ইদরিস আলী। তিনি বলেন, ‘যেভাবে ধস বাড়ছে, তাতে যেকোনো সময় বাড়িগুলো ধসে পড়বে।’ রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, নদী শাসনের দায়িত্ব পাউবোর। নদীর ধারের এমন ধস দেখার দায়িত্বও তাদের। তারাই ব্যবস্থা নেবে।
পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, ‘রাস্তাটি সিটি করপোরেশনের। আমরা বাঁধ নির্মাণের পর সিটি করপোরেশন রাস্তা করেছে। ফলে তারাই বিষয়টি দেখবে।’