রাজশাহীতে ধান গবেষণার মাঠেও ছত্রাকের আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ‘লক্ষ্মীর গু’ (লুজ স্মার্ট) ছত্রাক কৃষকের মাঠ থেকে ধান ও গম গবেষণাকেন্দ্রের খামারেও ঢুকে পড়েছে। বাইরের মাঠের মতো গবেষণাকেন্দ্রের ব্রি-৪৯ জাতের ধানে এই ছত্রাকের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। আবহাওয়ার কারণে এমনটা ঘটছে বলে গবেষকদের ধারণা।
রাজশাহী নগরের শ্যামপুর এলাকায় আঞ্চলিক ধান ও গম গবেষণাকেন্দ্রের অবস্থান। চারদিকে সীমানাপ্রাচীর ঘেরা ওই কেন্দ্রের মাঠের পূর্ব পাশে গম এবং পশ্চিম পাশে ধান গবেষণা খামার।
গত মঙ্গলবার ওই গবেষণা কেন্দ্রে গিয়ে দেখা যায়, খামারে ব্রি-৪৯ জাতের ধানে লক্ষ্মীর গু নামের ছত্রাক আক্রমণ করেছে। এতে বেশির ভাগ ধানের শিষে কালো-হলুদ রঙের গুঁড়া দেখা গেছে।
ধান গবেষণাকেন্দ্রের এক শ্রমিক বলেন, এবার ব্রি-৪৯ জাতের ধানে ব্যাপক সংক্রমণ হওয়ায় ধান গবেষণার খামারও বাদ যায়নি। ধান গবেষণার মাঠে ব্রি-৩১ জাতের ধানেও এই ছত্রাকের আক্রমণ হয়েছে।
ধান গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোসাদ্দেক হোসেনের কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনি রাজশাহীর ধানখেতে লক্ষ্মীর গু ছত্রাকের সংক্রমণের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করছেন। গবেষণা কেন্দ্রে কীভাবে এই ছত্রাক এল, এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রকৃতির ওপরে তো কারও হাত নেই। ফলস বা লুজ স্মার্ট ছত্রাককে স্থানীয় কৃষকেরা লক্ষ্মীর গু বলে থাকেন। কারণ, যে বছরের আবহাওয়ায় ধান বেশি হয়, সেই বছরই এই ছত্রাকের আক্রমণ বেশি থাকে। শিষ বের হওয়ার সময় যদি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং আবহাওয়া আর্দ্র থাকে, তখন ধানের ফলন বাড়ার সঙ্গে ছত্রাকও দেখা দেয়।’
ধান গবেষণা কেন্দ্রের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মুনতাসির আহাম্মেদ বলেন, ‘একবার এই ছত্রাক দেখা দিলে আর সেটা শতভাগ ভালো হয় না। এ জন্য আবহাওয়া এ রকম হলে আগে থেকেই এক লিটার পানিতে প্রোপিকোনাজল গ্রুপের ওষুধ এক এমএল পরিমাণ মিশিয়ে বা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ আড়াই গ্রাম পরিমাণে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়। আর বেশি মাত্রায় আক্রমণ দেখা দিলে দুই ধরনের ওষুধই একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে।’
মুনতাসির আহাম্মেদ আরও বলেন, চলতি আমন মৌসুমে রাজশাহীর তানোর উপজেলায় ব্যাপকভাবে এই ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। তানোর উপজেলায় দুই হাজার ৯৫০ হেক্টর জমিতে এবার ব্রি-৪৯ জাতের ধান চাষ হয়। এর সিংহভাগ জমিতেই লক্ষ্মীর গু ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। যে জমিতে এই ছত্রাক দেখা দিয়েছে, সেই জমির ধান আর কৃষকেরা বীজ হিসেবে ব্যবহার করতে পারবেন না।